রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

জাতীয় ডেস্ক

মে ২৬, ২০২৬, ১২:২৮ পিএম

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

পদ্মা সেতুর টোল প্লাজা

ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুতে যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪৩ হাজার ৩৫১টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে মোট ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা টোল আদায় করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ।টোল আদায়ের দিক থেকে এটি এযাবৎকালের চতুর্থ সর্বোচ্চ রেকর্ড।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৬৭টি এবং জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ২৮৪টি যানবাহন পার হয়েছে। মাওয়া প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা এবং জাজিরা প্রান্তে ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। 

নির্বিঘ্ন ঈদযাত্রার জন্য সেতুর উভয় প্রান্তে মোট ১৯টি টোল বুথ সার্বক্ষণিক সচল রাখা হয়েছে।ইটিসি ব্যবস্থা থাকায় যানবাহনকে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হচ্ছে না।

পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানিয়েছেন, ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) এবং আরএফআইডি কার্ডের ফলে টোল আদায় প্রক্রিয়া দ্রুত ও সহজ হয়েছে। গত বছরের জুনে কোরবানির ঈদের আগে একদিনে সর্বোচ্চ ৫ কোটি ৪৩ লাখ টাকার টোল আদায়ের রেকর্ড ছিল। 

এবারের চাপ গত ঈদুল ফিতরের তুলনায় অনেকটাই বেশি। অতিরিক্ত মোটরসাইকেলের ভিড় সামাল দিতে মাওয়া প্রান্তে বাড়তি বুথ রাখা হয়েছে।যানবাহনের এই চাপ ঈদ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।