রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

ঈদে বিদ্যুৎ নিয়ে যে নির্দেশ দিলো বিদ্যুৎ বিভাগ

জাতীয় ডেস্ক

মে ২৬, ২০২৬, ০৪:১৭ পিএম

ঈদে বিদ্যুৎ নিয়ে যে নির্দেশ দিলো বিদ্যুৎ বিভাগ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বিশেষ নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ বিভাগ। উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ কারিগরি টিম। বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ জানিয়েছেন, মন্ত্রণালয় থেকে পুরো বিষয়টি সরাসরি মনিটরিং করা হচ্ছে।

ঈদের টানা সাত দিনের ছুটিতে নিরবচ্ছিন্ন সেবা বজায় রাখা মূল লক্ষ্য।জাতীয় গ্রিডে সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সর্বোচ্চ উৎপাদন সক্ষমতায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্যমতে, ঈদের সময় শিল্পাঞ্চল ও অফিস-আদালত বন্ধ থাকায় চাহিদা ১২ থেকে ১৩ হাজার মেগাওয়াটের মধ্যে থাকতে পারে। চাহিদার তুলনায় পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা থাকায় নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঝড়-বৃষ্টিতে লাইন ক্ষতিগ্রস্ত হলে দ্রুত মেরামতে মাঠপর্যায়ে প্রকৌশলী ও লাইনম্যানরা প্রস্তুত রয়েছেন।সব বিতরণ কোম্পানিকে নিজস্ব এলাকায় বিশেষ টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঈদের আগে ও পরে দেশব্যাপী বিশেষ কন্ট্রোল রুম চালু থাকবে। 

গ্রাহকদের অযথা বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকতে এবং প্রি-পেইড মিটারের রিচার্জ আগেভাগে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ কর্মস্থলে থেকে বিদ্যুৎ পরিস্থিতির সরেজমিন পরিদর্শনেরও নির্দেশ দেওয়া হয়েছে।এই তদারকি কার্যক্রম ঈদের পরও কয়েকদিন অব্যাহত থাকবে।