বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ২৭, ২০২৬, ০৪:১৫ পিএম

হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতাল পরিদর্শনে এসে জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ড এবং অভ্যন্তরীণ রান্নাঘর ঘুরে দেখেন।

এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের সার্বিক খোঁজখবর নেন এবং হাসপাতালের সেবার মান ও সরবরাহকৃত খাবারের গুণগত মান পরীক্ষা করেন।পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম তাঁর সাথে উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুতই ১০০ শয্যায় উন্নীত করা হবে। বর্তমানে সব ধরনের ভ্যাকসিনের পর্যাপ্ত মজুত রয়েছে এবং হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার দেশজুড়ে নিরলসভাবে কাজ করছে। 

ইতিমধ্যে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে অধিকাংশ শিশুকে হাম প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে এবং বাদ পড়া শিশুদের খুঁজে বের করে দ্রুত টিকার আওতায় আনার প্রক্রিয়া চলছে। 

পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসান উপস্থিত ছিলেন।অবকাঠামো আধুনিকায়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হবে বলে জানান মন্ত্রী।