শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

ঢাকার দুই সিটির ২ আঞ্চলিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৯, ২০২৬, ০৯:২৪ পিএম

ঢাকার দুই সিটির ২ আঞ্চলিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন প্রধানমন্ত্রী

ছবি - সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার পশুর বর্জ্য অপসারণে অবহেলার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তাদের তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।সরাসরি সড়ক পরিদর্শনে গিয়ে এই সিদ্ধান্ত নেন তিনি।

উপপ্রেস সচিব জানান যে প্রধানমন্ত্রী নিজেই রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রীনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে বের হয়েছিলেন। এ সময় রাস্তায় ময়লা পড়ে থাকতে দেখে তিনি দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে এই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 

বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জোন ১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই দুই উপসচিবের বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনে অবহেলার দায়ে বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।