শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান তারেক রহমানের

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩০, ২০২৬, ০৬:৫১ পিএম

দেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান তারেক রহমানের

ছবি - সংগৃহীত

দেশ কোনো একক ব্যক্তি, পরিবার, সরকার বা রাজনৈতিক দলের একার নয় উল্লেখ করে প্রত্যেক নাগরিককে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর জুরাইনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সেখানে সাধারণ মানুষের মাঝে খাদ্য  বিতরণের আয়োজন করা হয়।অনুস্থানে উপস্থিত এলাকাধীন মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্বের ওপর বিশেষ জোর দেন।

প্রধানমন্ত্রী বলেন, এই দেশ লাখো-কোটি মানুষের এবং আমরা যারা বাংলাদেশে বসবাসকারী ২০ কোটি মানুষ রয়েছি, তাদের প্রত্যেকেই এর মালিক। তাই নিজের এলাকা সুন্দর রাখতে যেখানে-সেখানে আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য তিনি সবাইকে অনুরোধ করেন। কয়েক হাজার মানুষ যদি প্রত্যেকে এক বা আধা কিলোগ্রাম করে ময়লা যেখানে-সেখানে ফেলে, তবে তা প্রায় ১০ টন ময়লার বিশাল স্তূপে পরিণত হতে পারে।

তিনি জানান, পরিচ্ছন্নতা কর্মীরাও মানুষ এবং তাদের কষ্টের কথা চিন্তা করে সবার পরিবেশ রক্ষায় দায়িত্বশীল হওয়া উচিত। নাগরিকরা সচেতন হলে নিজের শহর যেমন পরিষ্কার থাকবে, তেমনি পরিচ্ছন্নতা কর্মীদেরও কষ্ট অনেক কমে যাবে। শহর পরিষ্কার রাখার এই কাজের জন্য কোনো মন্ত্রী, সংসদ সদস্য বা মেয়রের প্রয়োজন নেই, একজন সচেতন নাগরিক হিসেবেই পকেটে ময়লা রেখে নির্দিষ্ট স্থানে ফেলা সম্ভব।

টেলিভিশনের পর্দায় অন্য দেশের পরিষ্কার রাস্তাঘাট দেখে মনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়, তা বাস্তবায়নে নাগরিকদের নিজেদেরই আচরণ পরিবর্তন করতে হবে বলে তারেক রহমান মনে করেন। সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় দেশটিকে সুন্দরভাবে গুছিয়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বক্তব্য শেষ করেন।