বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

শুধু জ্ঞান অর্জন নয়, ধর্মীয়-সামাজিক নৈতিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুন ৭, ২০২৬, ১২:২৯ পিএম

শুধু জ্ঞান অর্জন নয়, ধর্মীয়-সামাজিক নৈতিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী

দেশের তরুণ সমাজকে প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

শুধু একাডেমিক জ্ঞানই একজন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যথেষ্ট নয়। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিনির্ভরতা ও আধুনিকায়নের সঙ্গে নৈতিকতা, মানবিকতা ও পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দিতে হবে।

উচ্চশিক্ষা শেষ করার পরও অনেক শিক্ষার্থী বেকার থাকছে। এই সমস্যার সমাধানে ব্যবহারিক ও প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি দূর করার ওপর জোর দিয়েছেন তিনি। সরকার এখন ইন্টার্নশিপ, শিক্ষানবিশ কর্মসূচি এবং শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদারে কাজ করছে।

বিভাগীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় ও স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ক্যাম্পাসভিত্তিক উদ্যোক্তা তৈরিতে ইনোভেশন গ্রান্ট ও ফান্ডিংয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর মতে, তরুণদের সৃজনশীলতা ও উদ্যোক্তা মনোভাব কাজে লাগাতে পারলে তারা নিজেদের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থান তৈরি করতে পারবে।

শিক্ষকদের তিনি সমাজ পরিবর্তনের রোল মডেল হিসেবে অভিহিত করেন। শিক্ষা ও মেধাভিত্তিক সমাজ গঠনে সরকার, বিশ্ববিদ্যালয়, শিক্ষক ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে। লক্ষ্য হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যা শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ তৈরি করবে এবং বাংলাদেশকে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ দেশে পরিণত করবে। তিনি বিশ্বাস করেন, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও ইতিবাচক পরিবেশ শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী করে তুলবে।