জুন ১০, ২০২৬, ০৯:২০ পিএম
একটি টকশোতে চিকিৎসকদের পেশা ও মর্যাদা নিয়ে মন্তব্য করায় জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামালের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন দেশের বিভিন্ন চিকিৎসক সংগঠন। মন্তব্যটিকে অশালীন ও কুরুচিপূর্ণ আখ্যা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসক নেতারা।মঙ্গলবার ও বুধবার পৃথক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
অভিযোগ রয়েছে, গত ৭ জুন একটি ইউটিউবভিত্তিক আলোচনায় চিকিৎসকদের উদ্দেশে আপত্তিকর ভাষা ব্যবহার করেন মাসুদ কামাল। আদ-দ্বীন হাসপাতালে এক শিশুর মৃত্যুর তদন্তাধীন ঘটনা নিয়ে আলোচনার সময় এই বক্তব্য দেওয়া হয় বলে দাবি করছেন চিকিৎসক সংগঠনগুলো।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এক বিবৃতিতে এই মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে। সংগঠনটির পক্ষ থেকে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ন্যাশনাল ডক্টরস ফোরাম ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স জানিয়েছে, সমালোচনার নামে এভাবে পেশাজীবী গোষ্ঠীকে অবমাননা করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থি।
বিসিএস হেলথ ফোরামের মতে, এ ধরনের বক্তব্য পুরো স্বাস্থ্যসেবার মর্যাদাকে খাটো করে। এছাড়া ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস, অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন আলাদাভাবে তীব্র নিন্দা প্রকাশ করেছে।বিভিন্ন হাসপাতালের ঊর্ধ্বতন চিকিৎসক ও কনসালটেন্টরাও বিষয়টিকে জঘন্য ও বিতর্কিত হিসেবে উল্লেখ করেছেন। বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর আলী হোসেন জানিয়েছেন, চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য জনমনে বিভ্রান্তি তৈরি করে এবং স্বাস্থ্যব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে।
চিকিৎসক সংগঠনগুলোর ভাষ্য, প্রতিটি পেশার নিজস্ব মর্যাদা রয়েছে। অসত্য তথ্য বা অবমাননাকর মন্তব্য আইনগতভাবে দণ্ডনীয়। তাই দ্রুত ক্ষমা চাওয়া না হলে ভবিষ্যতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে একযোগে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন