জুন ১০, ২০২৬, ১০:০১ পিএম
আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে দেশের পাঁচটি জেলায় পরীক্ষামূলকভাবে ই-হেলথ কার্ড চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সংসদে বুধবার প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই পরিকল্পনার কথা তুলে ধরেন।১৮০ দিনের কর্মসূচির আওতায় এই সেবা কার্যক্রম শুরু হবে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অন্যতম অংশ হলো জনগণকে ই-হেলথ কার্ড প্রদানের উদ্যোগ। এরই মধ্যে প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া প্রায় সম্পন্ন। এই প্রকল্পের আওতায় খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীর বাসিন্দারা ই-হেলথ কার্ডের আওতায় আসবেন।
তারেক রহমান আরও জানান, ই-হেলথ কার্ডটি ইলেক্ট্রনিক রেফারেল সিস্টেম এবং ইলেক্ট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে সমন্বিত থাকবে। এতে রোগীদের স্বাস্থ্য তথ্যের সহজলভ্যতা নিশ্চিত হবে এবং চিকিৎসা সেবা আরও গতিশীল হবে।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি সরকার ক্ষমতাগ্রহণের পর ছয় মাসের বা ১৮০ দিনের বিশেষ কর্মসূচি হাতে নেয়। সেই কর্মসূচির চার মাস অতিক্রান্ত হতে চলেছে। নির্ধারিত সময়ের মধ্যেই পাঁচটি জেলায় কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে সরকার কাজ করছে বলে সংসদে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন