রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

জাতীয় ডেস্ক

জুন ১৬, ২০২৬, ০৬:৩১ পিএম

ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

ডিএমপি সদর দপ্তর ঢাকা

আসন্ন পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া বা শোক মিছিলের কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্র্যাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৬ জুন দেশজুড়ে পবিত্র আশুরা পালিত হবে। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

মিছিলে কোনো ধরনের বিশৃঙ্খলা রুখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে।ডিএমপি কমিশনার বলেন, পবিত্র আশুরার সকল ধর্মীয় কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সেদিকে কঠোর ও সজাগ দৃষ্টি রাখতে হবে। শোক মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি বা লাঠির মতো কোনো দেশীয় অস্ত্র বহন করা এবং যেকোনো ধরনের আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। 

প্রধান অনুষ্ঠানস্থল হোসাইনী দালান ইমামবাড়া ও এর আশপাশের পুরো এলাকা সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় থাকবে।যেকোনো সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধে পুরো এলাকা ডগ স্কোয়াড ও ম্যানুয়ালি সুইপিং করা হবে এবং প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে কঠোর তল্লাশি চালানো হবে। অনুষ্ঠান প্রাঙ্গণে ইউনিফর্মধারী নিয়মিত পুলিশের পাশাপাশি পর্যাপ্ত সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে। সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।

উক্ত সভায় নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজক কমিটির প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা এবং ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের মূল্যবান মতামত প্রদান করেন। সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম, মোহাম্মদ শামসুল হক, মো. শফিকুল ইসলাম, মো. আবুল বাশার তালুকদার এবং মোহাম্মদ ওসমান গণিসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।