শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

গুলশান লেকের পরিবেশ রক্ষায় কড়া নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৮:৪০ পিএম

গুলশান লেকের পরিবেশ রক্ষায় কড়া নির্দেশ প্রধানমন্ত্রীর

গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা, পানি দূষণ রোধ এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। সভায় গুলশান-বনানী-বারিধারা ও নিকেতন এলাকার ভবনগুলোর পয়ঃনিষ্কাশন সংযোগ যাচাই এবং লেককে দূষণমুক্ত করার সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন।

সভায় প্রধানমন্ত্রী লেকের বর্জ্য অপসারণ, পানি দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন। লেক দূষণমুক্ত রাখতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে যেসব ভবনের পয়ঃবর্জ্য সরাসরি লেকে গিয়ে পড়ছে, তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

এছাড়া লেকের পরিবেশ রক্ষায় স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। লেক ও এর সঙ্গে সংযুক্ত খালগুলো নিয়মিত পরিষ্কার রাখা এবং বর্জ্য অপসারণের মাধ্যমে পানি প্রবাহ সচল রাখার ওপরও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। কড়াইল বস্তির বর্জ্য যেন আর সরাসরি লেকে না পড়ে, সেজন্য কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের তাগিদ দেওয়া হয় সভায়।

সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ দুই সিটি কর্পোরেশনের প্রশাসক এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লেক দূষণমুক্ত রাখার এই উদ্যোগকে স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।