রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে ত্রাণ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ০৮:০৪ পিএম

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে ত্রাণ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক সময়ে সৃষ্ট বন্যাজনিত দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার কার্যক্রম সমন্বয় ও তদারকি নিশ্চিত করবেন।রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিসর, স্থানীয় প্রশাসনের কাছে মজুদ ত্রাণসামগ্রী এবং চলমান উদ্ধার কার্যক্রম মূল্যায়নের বিষয়গুলো নিবিড়ভাবে সমন্বয় ও তদারকি করবেন। উপযুক্ত কার্যক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসন এবং বাহিনীগুলোর কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও সমন্বয় সাধন নিশ্চিত করবেন তিনি। এছাড়া বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ ও পরবর্তীতে পুনর্বাসন পরিকল্পনা প্রণয়নে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় ত্রাণসামগ্রীর পর্যাপ্ততা নিশ্চিত করতে দ্রুত কার্যক্রম গ্রহণ ও তত্ত্বাবধান এবং বন্যা পরিস্থিতি ও গৃহীত কার্যক্রম সম্পর্কে সময়ে সময়ে সরকারকে অবহিত করবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তার কাজের সুবিধার্থে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা দেবেন।

বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে এবং উদ্ধার কাজে গতি আনতে সরকারের এই উদ্যোগ দ্রুত কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগকালীন সময়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সমন্বয় নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য, যাতে সাধারণ মানুষ দ্রুত ত্রাণ ও সহায়তা পায়।