রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে নতুন বার্তা

জাতীয় ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ১২:১৬ এএম

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসা আবেদন ফরমে সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক তথ্য উল্লেখ করার বিষয়ে আবেদনকারীদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। সোমবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইট ও অফিশিয়াল বার্তায় জানায়, ভিসার আবেদন ফরমে তথ্য গোপন করা বা ভুল তথ্য দেওয়া হলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে। 

একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে।ডিএস-১৬০ আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের ডিএস-১৬০ আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক। আবেদনকারীরা ফরমে দেওয়া সব তথ্য সঠিক, সম্পূর্ণ ও সত্য—এই মর্মে প্রত্যয়ন করে আবেদন জমা দেন। 

তাই সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা বা ভুল তথ্য প্রদান করা হলে তা ভিসা প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।মার্কিন দূতাবাস আবেদনকারীদের আবেদনপত্র পূরণের সময় সব তথ্য যথাযথভাবে যাচাই করে দেওয়ার পরামর্শ দিয়েছে। ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস। সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া সহজতর করার আহ্বান জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

ভিসা প্রত্যাশীদের যেকোনো ধরনের ভুল তথ্য বা অসত্য ঘোষণা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে দূতাবাস জানিয়েছে, ভিসার আবেদনপত্র হলো একটি আইনি দলিল, যেখানে সঠিক তথ্যের প্রতিফলন থাকা অপরিহার্য। নির্দেশনায় আরও বলা হয়, আবেদনকারী যদি মনে করেন ভুলবশত কোনো তথ্য ভুল দিয়েছেন, তবে পরবর্তী ধাপে বা সাক্ষাৎকারের সময় তা সংশোধন করার সুযোগ থাকতে পারে। তবে ইচ্ছাকৃত ভুল বা তথ্য গোপনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার নিয়ম বহাল রয়েছে।