জুলাই ১৬, ২০২৬, ০৯:৩৪ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। শেখ হাসিনাসহ যেসব আসামি ভারতে অবস্থান করছেন, তাদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন। তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু সেখানে তার কোনো সুনির্দিষ্ট স্ট্যাটাস নেই। তার কাছে কোনো পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট নেই, তাই তাকে অবশ্যই ছবিযুক্ত বৈধ প্রমাণপত্র নিতে হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার সচেষ্ট রয়েছে।
রোহিঙ্গা সংকটের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই সমস্যাটি অত্যন্ত জোরালোভাবে তুলে ধরা হবে। গত ১৭ বছরে এই সংকট নিরসন না হয়ে বরং আরও জটিল হয়েছে। এই বিষয়ে সরকারি-বেসরকারি পর্যায় এবং কূটনৈতিক চ্যানেলে আলোচনা অব্যাহত রয়েছে।প্রধানমন্ত্রীর নতুন কোনো দেশে রাষ্ট্রীয় সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বিশ্লেষকদের মতে, ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি আইনি ও কূটনৈতিক উভয় দিক থেকেই অত্যন্ত সংবেদনশীল। তবে সরকার এই ইস্যুতে দৃঢ় অবস্থানে রয়েছে। আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার সকল দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন