জুলাই ১৮, ২০২৬, ১২:৫৫ পিএম
দুর্ঘটনায় আহত স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এককালীন চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। গত ৫ জুলাই ট্রাস্টের সহকারী পরিচালক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।দুর্ঘটনায় আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা ২০২০ অনুসারে এই অনুদান দেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জুলাই-আগস্ট প্রান্তে আহত এবং বর্তমানে চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আহত হওয়ার সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা তার আগের এক বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীদের অবশ্যই স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত হতে হবে।
আবেদনের শর্ত হিসেবে মেধাবীদের পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৫০ এবং স্নাতক পর্যায়ে জিপিএ ৩ দশমিক শূন্য শূন্য অর্জনের সনদ আপলোড করতে হবে। এছাড়া জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী তেরোতম থেকে বিশতম গ্রেডের সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে অফিসপ্রধানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। অন্যান্যদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত অভিভাবক দরিদ্র মর্মে প্রত্যয়নপত্র এবং পরিবারের বার্ষিক আয় এক লাখ টাকার কম হওয়ার প্রমাণপত্র দাখিল করতে হবে।
আহত হওয়ার প্রমাণ হিসেবে সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যয়নপত্র এবং চিকিৎসা সনদের কপি আপলোড করতে হবে। আবেদনের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর জন্মনিবন্ধন, বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের কপি, ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। কোনো হার্ডকপি জমা দেওয়ার প্রয়োজন নেই।
শিক্ষার্থীদের নিজস্ব সচল অনলাইন ব্যাংক হিসাব নম্বর ও মোবাইল নম্বর আবেদনে উল্লেখ করতে হবে। ব্যাংক হিসাবের প্রমাণ হিসেবে চেকের পাতার কপি অথবা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে। শিক্ষার্থী বা বাবা-মায়ের ব্যাংক হিসাব না থাকলে অভিভাবকের ব্যাংক হিসাব বিবেচনা করা হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম তালিকায় না থাকলে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরসহ তথ্য উল্লেখ করে ইমেইলের মাধ্যমে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের কাছে আবেদন পাঠাতে হবে। নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন