শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

সাবেক আইজিপি বেনজীরকে ফেরাতে ব্যাখ্যা ও অঙ্গীকার চাইল আমিরাত

জাতীয় ডেস্ক

জুলাই ২২, ২০২৬, ০৯:৫১ এএম

সাবেক আইজিপি বেনজীরকে ফেরাতে ব্যাখ্যা ও অঙ্গীকার চাইল আমিরাত

ছবি - সংগৃহীত

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার অনুরোধের প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে ব্যাখ্যা ও বিচারিক অঙ্গীকার চাওয়া হয়েছে। গত সপ্তাহে আমিরাত সরকারের পাঠানো এই ফিরতি চিঠি পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন। আন্তর্জাতিক আইনগত প্রক্রিয়া এবং প্রত্যর্পণ-সংক্রান্ত নীতিমালার অংশ হিসেবেই এই চিঠি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।আইনি প্রক্রিয়া ও নথিপত্র প্রস্তুত করার কাজ চলছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আমিরাতের পাঠানো চিঠিতে বাংলাদেশের পক্ষে ‘সেন্ট্রাল অথরিটি’ হিসেবে কোন কর্তৃপক্ষ দায়িত্ব পালন করছে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি বেনজীর আহমেদকে দেশে ফেরানো হলে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া পরিচালনার সুনির্দিষ্ট অঙ্গীকারনামা এবং প্রত্যর্পণের আইনি ভিত্তি সম্পর্কেও বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। গত ১২ জুন দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে আবেদন করেছিল বাংলাদেশ সরকার। সেই আবেদনের প্রেক্ষিতেই আমিরাত কর্তৃপক্ষ এই তথ্যগুলো চেয়েছে।

দুদকের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, তাদের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোর যথাযথ ব্যাখ্যা দ্রুত তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই পত্র প্রেরণকে ইতিবাচক হিসেবে দেখছেন, কারণ আন্তর্জাতিক প্রত্যর্পণ প্রক্রিয়ায় এ ধরনের তথ্য নিশ্চিত হওয়া একটি স্বাভাবিক দাপ্তরিক নিয়ম। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশত্যাগ করা সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির একাধিক মামলা রয়েছে এবং আদালতের পরোয়ানার ভিত্তিতে ইন্টারপোলের মাধ্যমে তাকে দুবাইয়ে আটক করা হয়।