বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

আজ বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

জাতীয় ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ১০:৫৬ এএম

আজ বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ছবি - সংগৃহীত

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগের পর আজ রোববার বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সপরিবারে রাজধানীর গুলশানের নিজস্ব বাসভবনে ওঠার পর উন্নত চিকিৎসার উদ্দেশ্যে শিগগিরই তিনি বিদেশে যাত্রা করবেন বলে জানা গেছে।অসুস্থতাজনিত পদত্যাগের পর বর্তমানে তিনি পরবর্তী চিকিৎসার প্রস্তুতি নিচ্ছেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর অথবা ব্যাংককে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন যে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতার পাশাপাশি সম্প্রতি বাইপাস অস্ত্রোপচারের পর তিনি অটোনোমিক নিউরোপ্যাথি নামক জটিল রোগে আক্রান্ত হন। এর ফলে তিনি মাঝে মাঝে স্বল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন। তাঁর স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ থাকায় তাঁকেও সঙ্গে নিয়ে তিনি বিদেশে যাবেন। ইতিমধ্যে তাঁর ব্যক্তিগত মালামাল গুলশানের বাসভবনে সরিয়ে নেওয়া হয়েছে এবং বাড়িটির সংস্কারকাজ শেষ হয়েছে। ২০২৩ সালের ২৪ এপ্রিল তিনি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

সংবিধানের বিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সে অনুযায়ী স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে এই দায়িত্ব সামলাচ্ছেন। তিনি বঙ্গভবনে অবস্থান না করে জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবনে থেকেই তাঁর দৈনন্দিন দাপ্তরিক কাজ পরিচালনা করবেন বলে জানা গেছে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তিনি তাঁর আনুষ্ঠানিক রূপরেখা স্পষ্ট করেছেন।

সংবিধান অনুযায়ী পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৬০ দিনের মধ্যে জাতীয় সংসদের নতুন অধিবেশন আহ্বান করা হতে পারে এবং সেখানেই রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। দেশের নতুন রাষ্ট্রপতি পদে কাকে মনোনীত করা হবে, তা সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর নীতিনির্ধারণী ফোরামের বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করা হবে।