জুলাই ২৬, ২০২৬, ১১:৪৯ এএম
পদত্যাগের পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানের ব্যক্তিগত বাসভবনে উঠছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন তিনি।সম্ভাব্য গন্তব্য হিসেবে তিনি সিঙ্গাপুর অথবা থাইল্যান্ডের ব্যাংকক শহরকে বেছে নিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক রাষ্ট্রপতি জানান, জটিল দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে অবিলম্বে বিদেশে গিয়ে সুচিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর সহধর্মিণী রেবেকা সুলতানাও শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছেন। এই কারণে স্ত্রীকে সাথে নিয়েই চিকিৎসার্থে পাড়ি জমাবেন সাবেক এই রাষ্ট্রপ্রধান। এর আগে গত শুক্রবার জাতীয় সংসদের স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান তিনি।
পরবর্তীতে পদত্যাগপত্রটি গ্রহণ করার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে সংবিধানের বিধান অনুযায়ী তিনি নিজে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।সাবেক রাষ্ট্রপতি আরও জানান, বঙ্গভবন ত্যাগ করার প্রস্তুতির অংশ হিসেবে গত কয়েক দিন ধরেই তাঁর যাবতীয় ব্যক্তিগত মালামাল গুলশানের বাড়িতে সরিয়ে নেওয়া হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মো. সাহাবুদ্দিন। পাঁচ বছরের পূর্ণ মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতাকে প্রধান কারণ হিসেবে দেখিয়ে নির্ধারিত সময়ের প্রায় ২১ মাস আগেই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন