রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

গভীর রাতে নিজে গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ৩১, ২০২৬, ১১:১০ এএম

গভীর রাতে নিজে গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র দেখতে গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন উপস্থিত ছিলেন।কোনো পূর্বঘোষণা ছাড়াই এই আকস্মিক পরিদর্শন চালানো হয়।

বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর প্রধান সড়কসহ বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাতের অবস্থা, সড়কবাতির কার্যকারিতা এবং রাতের যান চলাচল পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। সফরের বিভিন্ন পর্যায়ে তিনি কয়েকটি স্থানে গাড়ি থামিয়ে দায়িত্বরত পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং মাঠপর্যায়ের কাজের খোঁজখবর নেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, নগরবাসীর ভোগান্তি কমিয়ে নাগরিক সেবার মান আরও উন্নত করার বিষয়ে শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছেন সরকারপ্রধান। কোথাও কোনো গাফিলতি, সমন্বয়হীনতা বা সেবা প্রদানে ঘাটতি রয়েছে কি না, তা সরাসরি যাচাই করতেই মাঠপর্যায়ে এই অভিযান পরিচালনা করা হয়।

এর আগে পবিত্র ঈদুল আজহার সময়ও একইভাবে গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সময় কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন তিনি।