আগস্ট ৪, ২০২৬, ১১:৩৫ পিএম
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখা এবং নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সম্ভাব্য নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর প্রতিটি প্রবেশপথে তল্লাশি কার্যক্রম ও চেকপোস্ট ডিউটি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ ভেন্যুগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা বিভাগের সদস্যরা দায়িত্ব পালন করবেন এবং মানুষের বেশি সমাগম হতে পারে এমন এলাকায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে বিশেষ সুইপিং চালানো হবে।
এছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ এলাকা ও অনুষ্ঠানস্থলগুলোতে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে।যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে।নিয়মিত পুলিশ বাহিনীর পাশাপাশি র্যাব ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থারাও যৌথভাবে মহানগরের নিরাপত্তা রক্ষায় মাঠে সক্রিয় রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন