সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কে, চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

জাতীয় ডেস্ক

আগস্ট ১২, ২০২৬, ১১:৫৪ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কে, চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া এগিয়ে চলছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। ইসির তথ্যানুযায়ী, রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ইতোমধ্যে মোট তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে দুটি ক্ষমতাসীন দল বিএনপি এবং একটি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে সংগ্রহ করা হয়েছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার দিনক্ষণ ঘনিয়ে আসায় রাজনৈতিক মহলে সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, একজন প্রার্থীর নামে ভুলত্রুটি এড়ানোর জন্য একাধিক মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার বিধান রয়েছে। বিএনপি আনুষ্ঠানিকভাবে এখনও তাদের প্রার্থী ঘোষণা না করলেও দলটির নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই চূড়ান্ত হওয়ার পথে। অলি আহমদকে প্রার্থী করে ১১ দলীয় জোট ইতিমধ্যে তাদের প্রস্তুতি গুছিয়ে এনেছে।

চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণার পর কমিশন যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের সময়সূচি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে।প্রার্থী সংখ্যা একাধিক হলে আগামী ২০ আগস্ট বিশেষ অধিবেশনের মাধ্যমে ভোটগ্রহণের সিদ্ধান্ত রয়েছে। সরকারি দলের চিফ হুইপ ইতিমধ্যে জানিয়েছেন যে, ভোট আয়োজনের প্রয়োজন হলে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হবে। সব মিলিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্বের দিকে ধাবমান।মনোনয়নপত্র জমা দেওয়ার পরই চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।