বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মেট্রোরেলে রাতের সময়সীমা বৃদ্ধি ও ভোগান্তি কমার বড় উদ্যোগ

জাতীয় ডেস্ক

আগস্ট ১৪, ২০২৬, ১১:১৪ এএম

মেট্রোরেলে রাতের সময়সীমা বৃদ্ধি ও ভোগান্তি কমার বড় উদ্যোগ

ছবি : সংগৃহীত

রাজধানীর গণপরিবহনে স্বস্তি বাড়াতে রাতে মেট্রোরেল চলাচলের সময়সীমা আরো বাড়ানোর উদ্যোগ নিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। আগামী মাস থেকে বর্তমান সময়সূচির সঙ্গে আরো ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত সময় বৃদ্ধি করার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে রাতে সর্বশেষ ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত ১১টায়।

ট্রেনের মধ্যকার দীর্ঘ বিরতিও উল্লেখযোগ্য হারে কমে আসছে।বর্তমানে রাতের শেষ ভাগে ট্রেনের জন্য যেখানে যাত্রীদের প্রায় ২০ মিনিট অপেক্ষা করতে হয়, সেখানে তা কমিয়ে ৭ থেকে ৮ মিনিটে নামিয়ে আনা হবে। রাতে চলাচলের সময় বাড়ানোর জন্য প্রয়োজনীয় ট্রেন অপারেটর নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নবনিয়োগপ্রাপ্ত চালকদের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে।

প্রশিক্ষণ শেষ হলেই তাদের নিয়মিত ট্রেন পরিচালনার দায়িত্বে যুক্ত করা হবে। এছাড়া রাতে চলাচলের সময় বাড়ানোর পাশাপাশি ট্রেনের প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ ও ট্র্যাকের নিয়মিত নিরাপত্তা পরীক্ষার কাজগুলো কীভাবে সমন্বয় করা হবে, সে সংক্রান্ত মাঠপর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা চলছে। এর আগে গত ৭ জুন রাতে ট্রেনের সময়সীমা ২০ মিনিট বাড়ানো হলেও যাত্রীচাপ ক্রমাগত বাড়তে থাকায় এই নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে।প্রতিদিন যাত্রী সংখ্যা দ্রুত বাড়তে থাকায় ট্রেনের সংখ্যা ও কর্মঘণ্টা বৃদ্ধির মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।