শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,

রূপপুর থেকে সেপ্টেম্বরে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

জাতীয় ডেস্ক

আগস্ট ১৭, ২০২৬, ১১:৫৬ এএম

রূপপুর থেকে সেপ্টেম্বরে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

ছবি : সংগৃহীত

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই লক্ষ্য অর্জনে কেন্দ্রে বর্তমানে পুরোদমে পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। সব প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে আগামী কয়েক মাসের মধ্যেই প্রথম ইউনিটটি পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে যেতে পারবে বলে আশা করা হচ্ছে। দেশের গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে সংকটের কারণে বিকল্প এই উৎসের দিকে তাকিয়ে আছে পুরো দেশ।

সংশ্লিষ্ট সূত্রমতে, প্রথম ইউনিটের চুল্লিতে এরই মধ্যে ইউরেনিয়াম জ্বালানি লোড করার কাজ শেষ হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে দুই ধাপে শতাধিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং শেষ মুহূর্তের কাজগুলো পর্যায়ক্রমে চলছে। পূর্ণ উৎপাদনে গেলে এই কেন্দ্র থেকে টানা আঠারো মাস চব্বিশ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। এরপর প্রয়োজনীয় সংস্কারকাজ ও পুনরায় জ্বালানি ভরার জন্য সর্বোচ্চ দুই মাস বন্ধ থাকতে পারে।

বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানান, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ অত্যন্ত স্থিতিশীল। তাই গ্রিডের সক্ষমতা বাড়াতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ও পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি এড়াতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী জাতীয় গ্রিডের নিয়মিত আধুনিকায়ন করা হচ্ছে। রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য বাঘাবাড়ী, বগুড়া ও গোপালগঞ্জের সঞ্চালন কাঠামোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম এখনো চূড়ান্ত হয়নি, তবে প্রাথমিক খসড়ায় তা তিন থেকে চার টাকার মধ্যে থাকার কথা বলা হয়েছে। অন্যদিকে, সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, আন্তর্জাতিক আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞার কারণে প্রকল্পের স্বাভাবিক গতি কিছুটা ব্যাহত হচ্ছে। দ্রুত এই আর্থিক জটিলতা কাটিয়ে ওঠার বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন সংশ্লিষ্টরা বলে দিনাজপুর টিভি ডট কম-এর অনুসন্ধানে উঠে এসেছে।