রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

মন্ত্রিসভায় প্রথম রদবদল, কে কোন দপ্তর পেলেন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৬, ১১:২৩ পিএম

মন্ত্রিসভায় প্রথম রদবদল, কে কোন দপ্তর পেলেন

ছবি : সংগৃহীত

বিএনপি সরকার গঠনের ছয় মাসের মাথায় প্রথম রদবদল আনা হয়েছে মন্ত্রিসভায়। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুনদের শপথ পড়ান। এরপর রাতেই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মাঝে দপ্তর বণ্টন করা হয়েছে। এ বিষয়ে দ্রুতই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।  নতুন মন্ত্রী পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়।  

মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রীর শূন্য পদে আবদুল মঈন খান দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়া রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে সাচিং প্রু জেরীকে।  

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এসেছে নতুন মুখ।  বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয়ের দায়িত্বে আগে থাকা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হয়েছে। এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শামীম কায়সার। 

অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী হিসেবে যোগ দিয়েছেন হুমায়ুন কবির। আগে থেকেই এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শামা ওবায়েদ ইসলাম তার আগের পদে বহাল থাকবেন। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন।