আগস্ট ২৮, ২০২৬, ০৪:০৭ পিএম
শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং আধুনিক দক্ষতা উন্নয়নে বাংলাদেশ ও চীনের মধ্যে নতুন একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চীনের চিয়াংশি সাইন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটিতে আয়োজিত ‘চীন-বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে’ এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।
শুক্রবার স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত এই সম্মেলনে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন যে এই সমঝোতা স্মারক কেবল কাগজের দলিলে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও সুযোগ সৃষ্টির বাস্তব প্রতিশ্রুতি। শিক্ষাকে দক্ষতায় এবং দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তর করার ওপর তিনি বিশেষ জোর দেন।
অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং চীনের পক্ষে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এই সমঝাতা স্মারকে স্বাক্ষর করেন। এর আওতায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি, গবেষণা কেন্দ্র স্থাপন এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের মতো কার্যক্রম পরিচালিত হবে।
এছাড়া সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন উপস্থিত থেকে আধুনিক শিল্প-সংযুক্ত বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশের বিশাল কর্মক্ষম তরুণ প্রজন্মকে মানসম্পন্ন কারিগরি শিক্ষার মাধ্যমে বৈশ্বিক প্রতিযোগিতায় উপযোগী করে গড়ে তোলা সম্ভব। চীন সরকারের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশের এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন