আগস্ট ৩০, ২০২৬, ১১:০৭ এএম
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক আর নেই। রোববার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।তিনি বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা ছিলেন।বিএনপির মিডিয়া সেলের এক বার্তায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
বর্ণাঢ্য কর্মজীবনে ড. এনামুল হক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এবং বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ১৯৯১ সালে তিনি বাংলাদেশ পুলিশের শীর্ষ পদ আইজিপি হিসেবে নিযুক্ত হন।
বর্ণাঢ্য শিক্ষাজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন।
সরকারি চাকরি থেকে অবসরের পর ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবেও আইনি সংস্কারমূলক কাজ করেছেন।পারিবারিক জীবনে তাঁর স্ত্রী শিক্ষাবিদ ও প্রখ্যাত লেখক অনামিকা হক লিলি। এই দম্পতির এক মেয়ে অদিতি তিতাস হক এবং দুই ছেলে আশিম শৈতাল হক ও অনীক আর. হক রয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন