আগস্ট ৩০, ২০২৬, ১১:৫৯ এএম
২০২৮ শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষাক্রমকে নতুন করে সাজাতে ব্যাপক ও বিস্তৃত সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। মেধা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষা খাতকে পুনর্গঠন করার এই পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।
শিক্ষা খাতে শৃঙ্খলা ফেরাতে শিক্ষা সংস্কার কমিশন গঠনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। উপদেষ্টা জানান, এই সংস্কারের প্রথম ধাপ হিসেবে আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যক্রমে চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা ও খেলাধুলাবিষয়ক নতুন বিষয় যুক্ত করা হচ্ছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা ও শারীরিক শিক্ষাভিত্তিক বই ‘স্পোর্টস অ্যান্ড কালচার’ এবং ষষ্ঠ শ্রেণি থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘টেকনিক্যাল এডুকেশন’ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের রোবটিক্স এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে।
এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে মাহদী আমিন বলেন, অতীতে পরিসংখ্যান ভালো দেখানোর জন্য কৃত্রিমভাবে জিপিএ-৫ এর বন্যা বইয়ে দেওয়া হতো এবং পরীক্ষা না দিয়ে পাস করানোর সংস্কৃতি ছিল। বর্তমান সরকার সেই আত্মঘাতী পথ বন্ধ করে শতভাগ নিরপেক্ষ ও স্বচ্ছ মূল্যায়ন নিশ্চিত করেছে। কোনো গ্রেস নম্বর না দিয়েই সঠিক ফলাফল প্রকাশ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ঝরে পড়া শিক্ষার্থীদের পুনর্বাসনে বিশেষ নীতিমালা তৈরি করা হচ্ছে। অকৃতকার্য ও ঝরে পড়ার ঝুঁকিতে থাকা তরুণদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) ও ভোকেশনাল কোর্সের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এছাড়া বেকারত্ব দূর করতে বিভাগ ও জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ বা কর্মসংস্থান বিনিময় কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে স্থানীয় তরুণরা চাকরিদাতা শিল্প প্রতিষ্ঠানের সাথে সরাসরি সংযুক্ত হতে পারবেন।
শিক্ষকদের ডিজিটাল ক্ষমতায়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার সংস্কৃতি বাড়ানো এবং ‘ব্রেন ড্রেন’ রোধ করে ‘ব্রেন সার্কুলেশনে’ রূপান্তর করার জন্য প্রবাসী গবেষকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সনদসর্বস্ব শিক্ষার পরিবর্তে একটি দক্ষ ও নৈতিক প্রজন্ম তৈরির মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান মাহদী আমিন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন