সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১১:১৩ পিএম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের লক্ষ্যে সারাদেশে ১১৪টি প্রশিক্ষণ ভেন্যুতে ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্যের দুই দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টিগ্রিটিতে হেডকোয়ার্টার্স ভেন্যুর প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
প্রথম ব্যাচে মোট ৪ হাজার ৯৬৫ জন পুলিশ সদস্য এই বিশেষায়িত কার্যক্রমে অংশ নিচ্ছেন। এর আগে যারা কখনো কোনো নির্বাচনি দায়িত্বের প্রশিক্ষণ পাননি, মূলত তাঁদের জন্যই এই দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্সের আয়োজন করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠপর্যায়ে প্রস্তুত হচ্ছে পুলিশ বাহিনী।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশজুড়ে ১ লাখ ৫২ হাজার ১৭৫ জন পুলিশ সদস্যকে নির্বাচনি দায়িত্ব পালনের পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। নতুনদের দুই দিনের এই প্রশিক্ষণ শেষ হওয়ার পর ওই অভিজ্ঞ সদস্যদের জন্য এক দিনের বিশেষ রিফ্রেশার প্রশিক্ষণ শুরু হবে। এর মাধ্যমে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রতিটি সদস্যের পেশাগত প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে।
এদিকে একই দিন রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে সাইবার অপরাধ সংক্রান্ত মামলা তদন্তের জন্য দশ দিনব্যাপী ট্রেনিং অব ট্রেইনার্স বা টিওটি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইজিপি। পুলিশ স্টাফ কলেজের রেক্টর ও অতিরিক্ত আইজি কাজী মো. ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান অতিরিক্ত আইজি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। স্বাগত বক্তব্য দেন ডিআইজি মো. একরামুল হাবিব এবং সাইবার অপরাধ তদন্ত প্রশিক্ষণ রোডম্যাপ উপস্থাপন করেন অতিরিক্ত ডিআইজি ড. মোছা. শেহেলা পারভীন।
উদ্বোধনী বক্তব্যে আইজিপি মো. আলী হোসেন ফকির উল্লেখ করেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক, এনক্রিপটেড যোগাযোগ ব্যবস্থা এবং ক্লাউড কম্পিউটিংয়ের মতো আধুনিক প্রযুক্তি সম্ভাবনার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। অপরাধীরা এই প্রযুক্তির অপব্যবহার করে অনলাইন আর্থিক জালিয়াতি, হ্যাকিং ও ডিজিটাল চাঁদাবাজির মতো নানা অপরাধ জড়াচ্ছে, যা প্রতিহত করতে প্রচলিত পুলিশিংয়ের ধরনে বড় পরিবর্তন আনা এখন সময়ের দাবি। পুলিশ স্টাফ কলেজের ট্রেনিং শাখার উদ্যোগে আয়োজিত এই কোর্সে অংশগ্রহণকারী ৩৩২ জন কর্মকর্তা পরবর্তীতে মাঠপর্যায়ের অন্য তদন্তকারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন