সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৯:৫৮ পিএম
বিগত চব্বিশের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের অসুস্থ বোন জেসমিন আকতারের চিকিৎসা-পরবর্তী শারীরিক অবস্থার সার্বিক খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে তিনি এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষার্থীর চিকিৎসার বিস্তারিত খোঁজখবর নিতে একটি বিশেষ প্রতিনিধি দল পাঠানো হয়। প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা নিয়ে হাসপাতালে পৌঁছায় বিশেষ প্রতিনিধি দল। শহীদ জুবায়েরের একমাত্র বোন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জেসমিন আকতার দীর্ঘদিন ধরে প্রাণঘাতী ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্প্রতি তাঁর মস্তিষ্কে একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং জেসমিনের শারীরিক অগ্রগতি ও অপারেশন-পরবর্তী সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রতিনিধি দলটিকে জানান যে অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক অবস্থার ইতিবাচক উন্নতি হচ্ছে।
এ সময় হাসপাতালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু এবং ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান। এছাড়া জুলাই শহীদ সোসাইটির চেয়ারম্যান ও শহীদ নাফিজের পিতা গোলাম রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ শাকিল, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং শেকৃবি ছাত্রদল নেতা মোরসালিন অনিক এ সময় উপস্থিত থেকে রোগীর পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন।
উল্লেখ্য, বিগত ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের চূড়ান্ত বিজয়ের দিনে লালমনিরহাটে ছাত্র-জনতার মিছিলে অংশ নিয়ে শহীদ হন সাহসী তরুণ জুবায়ের হোসেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারানোর পর ব্রেন টিউমারে আক্রান্ত বোনের চিকিৎসা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছিল পরিবারটি, যার পাশে দাঁড়িয়ে সম্পূর্ণ চিকিৎসার নিয়মিত তদারকি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন