অক্টোবর ৩, ২০২৬, ০৭:১৭ পিএম
সারাদেশের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের আধুনিক কৃষি কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ করে নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং বছরব্যাপী কৃষি উৎপাদন বিষয়ে তাদের এই প্রশিক্ষণ প্রদান করা হবে।
শনিবার দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, দেশের প্রতিটি গ্রামেই মসজিদ রয়েছে এবং এসব মসজিদের সাথে ইমাম ও মুয়াজ্জিনরা সরাসরি যুক্ত থাকায় তাদের মাধ্যমে কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা তৈরি করা সম্ভব। তারা আধুনিক ও বিষমুক্ত কৃষি উৎপাদনে যুক্ত হলে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি অন্যদেরও নিরাপদ খাদ্য উৎপাদনে উৎসাহিত করতে পারবেন।
তিনি উল্লেখ করেন, কৃষিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ ও বিষমুক্ত ফসল উৎপাদনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অতীতে কৃষকেরা রাসায়নিক উপকরণের ব্যবহার ছাড়াই নানা ধরনের ফসল উৎপাদন করতেন এবং সেই অভিজ্ঞতার সাথে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে একটি পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
কৃষিমন্ত্রী আরও বলেন, প্রতিটি ইউনিয়ন ও কৃষি ব্লকে কৃষি কর্মকর্তারা নিয়মিতভাবে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদন পদ্ধতি সম্পর্কে পরামর্শ দিয়ে আসছেন।
এর সাথে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্পৃক্ত করা গেলে নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা আরও দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। দেশ পরিচালনায় জনগণের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের কল্যাণে কাজ করা এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করা। এ জন্য সরকারের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন এবং দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে কেউ যেন কোনো অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী অভিভাবকদের সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর তাগিদ দেন।
সম্মেলনে হাফেজ মাওলানা মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা এবং কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে মন্ত্রী তৃতীয় হিফজুল কোরআন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী হাফেজ শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ ও স্মারক তুলে দেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন