জুলাই ২১, ২০২৬, ০৭:০৫ পিএম
দিনাজপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ১২২৪তম দলের ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্স এবং বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেম সমাজের উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।প্রশিক্ষণ কার্যক্রমটি বেশ তাৎপর্যপূর্ণ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুরের উপ-পরিচালক মো. শামীম সিদ্দিক।
মুফতি সাব্বির আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান প্রশিক্ষক কৃষিবিদ মো. মাহমুদার রহমান। এবারের এই প্রশিক্ষণ কোর্সে রংপুর বিভাগের আট জেলার মোট একশ জন ইমাম অংশগ্রহণ করছেন। ৪৫ দিনব্যাপী এই কার্যক্রমে ধর্মীয় জ্ঞানের পাশাপাশি সামাজিক সচেতনতা, নৈতিক মূল্যবোধ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দক্ষ, আধুনিক ও সমাজসচেতন ইমাম গড়ে তোলার মাধ্যমে সমাজে ধর্মীয় সম্প্রীতি ও জনসচেতনতা বৃদ্ধি করা সম্ভব। প্রশিক্ষণার্থীদের সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে তিনি আহ্বান জানান। আলোচনা সভা শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন এবং প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন