বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা

জন্মনিরোধক সামগ্রী ঘরে ঘরে পৌঁছাবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত

স্বাস্থ্য ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ০৭:৪০ পিএম

জন্মনিরোধক সামগ্রী ঘরে ঘরে পৌঁছাবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত

দেশে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও বেগবান ও কার্যকর করতে আগামী ডিসেম্বর থেকে বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই কর্মসূচির ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত সারা দেশে এই কর্মসূচি একযোগে পরিচালিত হবে। মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে। একই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে প্রয়োজনীয় জন্মনিরোধক সামগ্রী ও পরামর্শ সরাসরি পৌঁছে দেওয়া হবে।

ক্যান্সার চিকিৎসায় তৃণমূলের রোগীদের দুর্ভোগ লাঘবে বড় ধরনের চিকিৎসা সরঞ্জাম স্থাপনের কথা জানান তিনি। মন্ত্রী বলেন, দেশে নতুন ১৭টি অত্যাধুনিক রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হচ্ছে।

এরমধ্যে ছয়টি ঢাকায় এবং বাকি ১১টি মেশিন ঢাকার বাইরে বিভিন্ন জেলায় স্থাপন করা হবে। এর ফলে মফস্বলের ক্যান্সার রোগীরা নিজ নিজ এলাকাতেই স্বল্পমূল্যে উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে রাজধানী ঢাকার সরকারি বিশেষায়িত হাসপাতালগুলোর ওপর রোগীদের দীর্ঘদিনের চাপ অনেকটাই কমে আসবে। চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে বিস্তারিত কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি উল্লেখ করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক প্রটোকল কঠোরভাবে অনুসরণ করে সারা দেশে ডেঙ্গু রোগীদের চিকিৎসা এবং জীবনরক্ষাকারী স্যালাইনের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

ভাইরাসটির পরিবর্তিত ধরন এবং ডেঙ্গু থেকে সেরে ওঠার পর দেখা দেওয়া কার্ডিয়াক জটিলতা বিবেচনায় রেখে চিকিৎসকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সামাজিক সচেতনতা কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ তাগিদ দেন তিনি।