রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

হজ ব্যবস্থাপনায় সরকারের ব্যবসায়িক উদ্দেশ্য নেই: ধর্ম উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৫:৪৪ পিএম

হজ ব্যবস্থাপনায় সরকারের ব্যবসায়িক উদ্দেশ্য নেই: ধর্ম উপদেষ্টা

ছবি - সংগৃহীত

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ব্যবস্থাপনায় সরকারের কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই, বরং হজযাত্রীদের সর্বোত্তম স্বার্থ রক্ষা করাই প্রধান লক্ষ্য। বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) রাজধানীর আশকোনায় ঢাকা হজ অফিসের সম্মেলন কক্ষে 'হজ ২০২৬' উপলক্ষে সরকারি মাধ্যমে হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, হজের খরচ কমানোর বিষয়ে জনগণের জোরালো দাবি থাকলেও ইচ্ছা করলেই এটি সম্ভব নয়। বিশেষ করে সৌদি আরবে সেদেশের সরকার কর্তৃক নির্ধারিত খরচ কমানো যায় না। তবে বিমানভাড়া ও বাড়িভাড়া নিয়ে দর কষাকষি করার সুযোগ থাকে। তিনি জানান, বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণের জন্য সরকার তৎপর রয়েছে। গত বছর প্রায় ২৭ হাজার টাকা বিমানভাড়া কমানো হয়েছিল।

তিনি আরও বলেন, সরকার হজ নিয়ে ব্যবসা করে না। বরং সরকারি মাধ্যমে হজে যাওয়া হাজীদের প্যাকেজের অব্যয়িত অর্থ ফেরত দেয়। তিনি উল্লেখ করেন, এ বছর সরকারি মাধ্যমে যাওয়া হাজীদের ৮ কোটি ২৮ লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকারি মাধ্যমে হজযাত্রীর সংখ্যা বাড়লে হজ ব্যবস্থাপনা আরও সহজ ও নিরাপদ হবে। তিনি কর্মশালায় অংশগ্রহণকারীদের সরকারি মাধ্যমে হজযাত্রী বৃদ্ধিতে আরও তৎপর হওয়ার অনুরোধ জানান।