সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১১:৪২ পিএম
গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করা ফায়ার ফাইটার মো. নুরুল হুদার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) সন্ধ্যা ৭টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে সহকর্মীদের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানাজার আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নুরুল হুদার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ফায়ার সার্ভিসের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর শহীদ নুরুল হুদার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করা হয়। তার বাবা সবার কাছে ছেলের জন্য ক্ষমা ও দোয়া প্রার্থনা করেন।
জানাজার পর নুরুল হুদার মরদেহবাহী অ্যাম্বুলেন্স তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ধামাইলে উদ্দেশ্যে যাত্রা করে। সেখানেই তাকে দাফন করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন