সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৪:৩৫ পিএম
খাগড়াছড়ির চলমান অস্থিরতার পেছনে জাতীয় স্থিতিশীলতা নষ্ট করার জন্য ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলছেন, দেশে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে বাধা দিতেই একটি মহল এই চেষ্টা করছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এই গুরুতর অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন, একটা মহল চাচ্ছে উৎসব ভালোভাবে ও ধর্মীয় উদ্দীপনার সঙ্গে না হোক, সেই মহলটিই খাগড়াছড়িতে ঘটনা ঘটানোর চেষ্টা করছে।
পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র ও অর্থ যোগানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাংবাদিক একটি সত্যি প্রশ্ন করেছেন। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটানো হচ্ছে। তবে কারও ইন্ধনেই যাতে কোনো ঘটনা ঘটাতে না পারে, সে জন্য সরকার সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে।
তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সেখানে রয়েছেন এবং তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলছেন। বর্তমানে পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের উপর থেকে ফায়ার করেছে এবং এসব হাতিয়ার অনেক সময় বাইরে থেকে আসে।
তিনি দেশের নাম বলতে না চাইলেও ইঙ্গিত দেন। তিনি এই ধরনের কার্যকলাপ প্রতিহত করতে জনগণের সাহায্য ও সহযোগিতা কামনা করেন।
খাগড়াছড়িতে আটকে পড়া পর্যটকদের অধিকাংশকেই ফিরিয়ে আনা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন। তিনি দেশের সব নাগরিককে আহ্বান জানান যে, উৎসবের সময় কেউ যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে, রাস্তা-ঘাট বন্ধ না করে এবং পূজা যেন নির্বিঘ্নে উদযাপন করা যায়। এসব ঘটনা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন