অক্টোবর ৭, ২০২৫, ০৪:৩৪ পিএম
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস মঙ্গলবার (৭ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় এক বিদায়ী সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তিনি বাংলাদেশে তার সাড়ে তিন বছরের কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং ড. ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে গুইন লুইস সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে ড. ইউনূসের সফরকে ‘অত্যন্ত সফল মিশন’ হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, এই সফরে বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক এবং রোহিঙ্গা সংকট নিয়ে তার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। লুইস আরও বলেন, বাংলাদেশের প্রতিনিধিদলে প্রথমবারের মতো প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের অন্তর্ভুক্তি জাতীয় ঐক্যের এক শক্তিশালী উদাহরণ স্থাপন করেছে।নিজের দায়িত্বকালকে কর্মজীবনের অন্যতম বড় সম্মান ও সৌভাগ্য হিসেবে উল্লেখ করে গুইন লুইস বলেন, “আমি সরাসরি এদেশের মানুষের দৃঢ়তা, সৃজনশীলতা ও উদারতা প্রত্যক্ষ করেছি।”
তিনি জানান, তার সময়েই ঢাকায় জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় উদ্বোধন করা সম্ভব হয়েছে, যা একটি বড় অর্জন।বিদায়ী এই কর্মকর্তা বলেন, “সামাজিক উদ্ভাবন ও ন্যায়বিচারের প্রতি অধ্যাপক ইউনূসের আজীবন নিষ্ঠা বিশ্বজুড়ে কোটি মানুষকে অনুপ্রাণিত করছে।”সাক্ষাতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে জাতিসংঘের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন