অক্টোবর ৮, ২০২৫, ১০:৫২ পিএম
দেশের ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার প্রস্তাবে ছয়টি শর্তে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মাধ্যমে শিক্ষকদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি পূরণের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।মঙ্গলবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে বুধবার কর্মকর্তারা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শফিকুর রহমান জানান, প্রশিক্ষণপ্রাপ্ত (১১তম গ্রেড) এবং প্রশিক্ষণবিহীন (১২তম গ্রেড) সকল প্রধান শিক্ষককেই দশম গ্রেডের আওতায় আনার প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে। তবে এর জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে।শর্তগুলো হলো: ১. অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা ও বাস্তবায়ন অনুবিভাগের সম্মতি গ্রহণ করতে হবে। ২. প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন নিতে হবে।
৩. বিদ্যমান নিয়োগবিধি সংশোধন করে তাতে পদ উন্নীতকরণের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। ৪. প্রশিক্ষণবিহীন সকল প্রধান শিক্ষককে সরকারি আদেশ জারির তারিখ থেকে ১৮ মাসের মধ্যে বাধ্যতামূলকভাবে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। ৫. প্রশাসনিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টার চূড়ান্ত সম্মতি নিতে হবে। ৬. সকল আনুষ্ঠানিকতা শেষে এর একটি কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সম্মতির পর এখন বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়। সকল প্রক্রিয়া শেষে প্রজ্ঞাপন জারি হলে দেশের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক দশম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন, যা তাদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তাকে আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন