অক্টোবর ২৮, ২০২৫, ০৮:৪৬ পিএম
আসন্ন ২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া বহাল রাখা এবং ভর্তিতে বিদ্যমান সব ধরনের কোটা বাতিল করার জোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।মঙ্গলবার (২৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু এবং সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া এই দাবি তুলে ধরেন।
বুধবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রণয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই মিটিংকে সামনে রেখেই অভিভাবক ফোরাম তাদের দাবিগুলো পেশ করল।বিবৃতিতে অভিভাবক নেতারা বলেন, বর্তমানে প্রচলিত লটারি পদ্ধতিতে সব শ্রেণিতে ভর্তি করানো হলে পুরো ভর্তি প্রক্রিয়াটি স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হয়। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের কোচিং সেন্টারগুলোর দৌরাত্ম্য থেকে মুক্তি মেলে।
তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি লটারির পরিবর্তে পুনরায় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রথা চালু করা হয়, তাহলে কোচিং বাণিজ্য আরও ভয়াবহভাবে সম্প্রসারিত হবে। এতে শিক্ষার্থীদের ওপর যেমন চাপ বাড়বে, তেমনি অসম প্রতিযোগিতার কারণে অভিভাবকরাও চরম বিড়ম্বনার শিকার হবেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
অভিভাবক ঐক্য ফোরাম ভর্তি নীতিমালায় শিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব কোটাসহ বিদ্যমান সব ধরনের কোটা বাতিলেরও দাবি জানিয়েছে। তারা মনে করেন, সব কোটা বাতিল করা হলে শিক্ষা মন্ত্রণালয় বিতর্কের ঊর্ধ্বে থাকবে এবং শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য, অনিয়ম ও দুর্নীতি অনেকাংশে কমে আসবে। একইসঙ্গে, শিক্ষার্থী ভর্তির সময় কোনো ধরনের অতিরিক্ত ফি ধার্য না করার জন্যও তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন