নভেম্বর ১২, ২০২৫, ১২:৩৬ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র ও প্রেস উইং নিশ্চিত করেছে যে, বৈঠকে বাংলাদেশের চলমান রাজনীতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইইউ রাষ্ট্রদূতের এই সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রায় ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এছাড়া লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং দলের সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদও বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে নেতারা গণমাধ্যমের সামনে বিস্তারিত কোনো ব্রিফিং দেননি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন