নভেম্বর ১২, ২০২৫, ১২:৪৮ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাস দমনে অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
বুধবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইউরোপীয় ইউনিয়ন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
তিনি আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়েও কথা বলেন। তার মতে, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে কারো মধ্যে কোনো ধরনের সংশয় বা সন্দেহ নেই। রাজনৈতিক দলগুলো এবং জনগণ নির্বাচনের দিকেই তাকিয়ে আছে।
বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে তিনি আরও জানান, ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানবাধিকার রক্ষা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় এবং এ লক্ষে তারা প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। বিএনপি নেতারা বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন