রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এবার যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা ৮ দলের

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ০৩:২২ পিএম

এবার যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা ৮ দলের

আগামী ১৬ নভেম্বরের মধ্যে তাদের পাঁচ দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনার' সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দল। বুধবার (১২ নভেম্বর) যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কঠোর কর্মসূচির ঘোষণা করা হয়।

এই দলগুলোর প্রধান দাবি হলো, অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা এবং আগামী নভেম্বরের মধ্যেই ওই আদেশের ওপর গণভোট আয়োজন করা।

এর আগে মঙ্গলবার পল্টনে এক সমাবেশে দলগুলো এই পাঁচ দফা দাবিতে আন্দোলন শুরু করে।যৌথ সংবাদ সম্মেলনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন,

"জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এই আইনি ভিত্তি ছাড়া ২০২৬ সালে কোনো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই।" তিনি আরও বলেন, দেশের মুক্তিকামী মানুষের একমাত্র দাবি হলো জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। গণভোটের তারিখ নিয়ে বায়নাবাজি না করার আহ্বান জানান তিনি।

আন্দোলনরত ৮টি দল হলো:

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ

  • বাংলাদেশ খেলাফত মজলিস

  • খেলাফত মজলিস

  • নেজামে ইসলাম পার্টি

  • বাংলাদেশ খেলাফত আন্দোলন

  • বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

  • জাতীয় গণতান্ত্রিক পার্টি

উল্লেখ্য, এই দলগুলো গত ৬ নভেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের দাবিসমূহ সম্বলিত একটি স্মারকলিপি দিয়েছিল। দাবি না মানায় এবার তারা কঠোর রাজনীতিক কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিল।