নভেম্বর ১২, ২০২৫, ০৮:০৩ পিএম
জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে আয়োজন করলে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি একইসঙ্গে এই গণভোটের আবদারে জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
বুধবার (১২ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “গণভোট করতে গেলে রাষ্ট্রের বিপুল টাকা অপচয় হবে। গণভোটের আড়ালে পতিত ফ্যাসিবাদকে (আওয়ামী লীগ) ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে কি না, তা ভেবে দেখতে হবে।
কেউ বিএনপির বিজয় ঠেকাতে চাইলে তারা নিজেরাই বিপর্যস্ত হয়ে যেতে পারে।”তিনি কৃষি খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের কৃষি ও কৃষকদের বাঁচানো এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ। আলুচাষিদের যে ভর্তুকি প্রয়োজন, আবদার মেটাতে গিয়ে গণভোট করতে গেলে প্রায় সমপরিমাণ অর্থ ব্যয় হবে। তাঁর মতে, জনগণের হাজার হাজার কোটি টাকা দিয়ে গণভোট উৎপাদনের চেয়ে পেঁয়াজের সংরক্ষণাগার তৈরি করা বেশি প্রয়োজন।
বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, মাসের পর মাস ধরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে আলোচনা হয়েছে, সেখানে জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না। তিনি বলেন, দেশের দুর্বল সরকারকে হুমকি না দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে জনগণের মুখোমুখি হতে হবে। তিনি ৭ নভেম্বরের অঙ্গীকারকে সামনে এনে বলেন, দেশকে কেউ যেন তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে—এটাই হোক মূল অঙ্গীকার।
আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বক্তব্য দেন। তিনি বলেন, বর্তমানে একটি সংকট তৈরি হয়েছে এবং গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে। তিনি এই চক্রান্ত রুখে দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন