নভেম্বর ১২, ২০২৫, ০৯:৪৫ পিএম
দেশের আপামর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে যেকোনো নৈরাজ্যের উপযুক্ত জবাব দিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বুধবার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিবির সভাপতি বলেন, “দীর্ঘ ফ্যাসিবাদী জাঁতাকল থেকে অনেক ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।
এই দেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। প্রতিহিংসা ও কাদা ছোড়াছুড়ির রাজনীতি আবারও ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে আনতে পারে।”
বিএনপি ও অন্তর্বর্তী সরকারের সমালোচনা: সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম পরোক্ষ ও প্রত্যক্ষভাবে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, “গণঅভ্যুত্থান-পরবর্তী সরকার রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে ঐকমত্য কমিশন গঠন করলেও একটি বিশেষ রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে ফ্যাসিবাদী রাজনীতির ধ্বংসাবশেষকে টিকিয়ে রাখার অপচেষ্টা করছে।”
তিনি অভিযোগ করেন, “বিএনপি নারীবান্ধব দলের দাবি করলেও সম্প্রতি তাদের নেতাকর্মীদের হাতে নোয়াখালী ও অন্যান্য জেলায় নারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।” এছাড়া বিএনপির কিছু নেতাকর্মী অর্থের বিনিময়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিনে সহায়তা করছে বলেও তিনি অভিযোগ তোলেন, যা জুলাই শহীদদের রক্তের সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেন তিনি।
অন্তর্বর্তী সরকারের বিষয়ে তিনি বলেন, “ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় ব্যবহৃত রাষ্ট্রীয় কাঠামোর ন্যূনতম সংস্কারও এখনো হয়নি, যা সরকারের চরম ব্যর্থতা।”১৩ নভেম্বরের কর্মসূচি ও গণমাধ্যম: আগামী ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচারের রায় বা নির্দেশনা দিতে পারে। এ প্রেক্ষিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন, “আমরা তাদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ও অরাজকতার কোনো স্থান নেই। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো প্রচেষ্টা ছাত্রসমাজ ও জনগণ প্রতিহত করবে।
এছাড়া গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, আরটিভি থেকে দুই সাংবাদিক ছাঁটাইয়ের ঘটনা “ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ”। তিনি অবিলম্বে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদানের জন্য গণভোটের দাবি জানান।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, মানবসম্পদ সম্পাদক সাইদুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন