নভেম্বর ১৩, ২০২৫, ০৮:৫৬ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কুমিল্লা-৪ দেবীদ্বার আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলামটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম কেনেন।
এই মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী দৌঁড়ে যুক্ত হলেন।মনোনয়ন ফরম নেওয়ার পর সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি তার সমালোচকদের উদ্দেশ্য করে বলেন, অনেকে বলে আমরা নাকি মেম্বার ইলেকশনেও জিতব না। তাদের বলি, আজ এই কুমিল্লা-৪ আসনের মনোনয়ন ফরম নেওয়ার মাধ্যমে এই আসনটি আমার নিশ্চিত হয়ে গেল।
তার এই মন্তব্য আসন্ন নির্বাচন নিয়ে তার আত্মবিশ্বাসকেই জোরালোভাবে তুলে ধরল।ব্যক্তিগতভাবে এই দিনটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ঘটনাক্রমে আজ ১৩ নভেম্বর হাসনাত আবদুল্লাহর ২৮ তম জন্মদিন। ১৯৯৭ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন এবং একই দিনে মনোনয়ন ফরম কেনাকে তিনি একটি শুভ যোগ বলে মনে করছেন।
কুমিল্লা-৪ আসনটি জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন যা দেবীদ্বার উপজেলা নিয়ে গঠিত। এই আসনে হাসনাত আবদুল্লাহর প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী প্রার্থী। তথ্য অনুযায়ী, আসনটিতে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। নির্বাচনের আগে এই হাইভোল্টেজ আসনে এনসিপির একজন মুখ্য সংগঠকের ফরম কেনা ভোটের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন