বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

একই দিনে গণভোটের ঘোষণা জাতির নিকট গ্রহণযোগ্য হয়নি: জামায়াত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৫, ১০:২৩ পিএম

একই দিনে গণভোটের ঘোষণা জাতির নিকট গ্রহণযোগ্য হয়নি: জামায়াত

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান জানাতে জরুরি বৈঠকে বসেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। বৈঠক শেষে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে,

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজনের ঘোষণা জাতির নিকট গ্রহণযোগ্য হয়নি এবং এর মাধ্যমে গণদাবি মানা হয়নি।বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সভাপতিত্বে এই কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সকল সদস্য অংশগ্রহণ করেন।

পর্যালোচনা শেষে নির্বাহী পরিষদের পক্ষ থেকে বলা হয়, জামায়াতসহ ৮টি দল সুস্পষ্টভাবে নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছিল। একই দিনে দুটি ভিন্ন প্রকৃতির ভোট গ্রহণের সিদ্ধান্ত জনগণের অভিপ্রায়কে উপেক্ষা করেছে। গণভোটকে যথাযথ গুরুত্ব দিতে হলে এটি জাতীয় নির্বাচনের আগে স্বতন্ত্রভাবে হওয়া জরুরি ছিল। এমন সিদ্ধান্তে সাড়ে ১২ কোটি ভোটার বিচলিত হবেন বলে তারা মনে করেন।

বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদের আদেশ জারির প্রেক্ষাপট, জনগণের প্রত্যাশা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উদ্ভূত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কেন্দ্রীয় নেতারা দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। কেন্দ্রীয় নেতারা দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা এবং আগামীর বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করেন।