বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাল বিএনপি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৫, ১০:৪৫ পিএম

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাল বিএনপি

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তারিখ পুনর্ব্যক্ত করায় তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে দলের শীর্ষ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেয়ায় বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সভা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়।

এই সিদ্ধান্ত বিএনপি'র দীর্ঘদিনের দাবি অর্থাৎ গণভোটের মাধ্যমে সাংবিধানিক সংস্কারের প্রতি জনগণের মতামত গ্রহণকে সমর্থন করে।

একই সাথে সভায় গত ১৭ অক্টোবর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথাশীঘ্র জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি জোর আহ্বান জানানো হয়। দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে জনগণের পার্লামেন্ট গঠন করার বিষয়ে দলটির যে আগ্রহ, তা এই বিজ্ঞপ্তির মাধ্যমে পুনর্ব্যক্ত হলো।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং উচ্চকক্ষ গঠন নিয়ে দলের কৌশল নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। এর আগে আজ দুপুরে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সনদ লঙ্ঘন সংক্রান্ত বক্তব্য নিয়েও আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত বিজ্ঞপ্তিতে দলটি নির্বাচন ও গণভোটের প্রক্রিয়া নিয়ে ইতিবাচক অবস্থান তুলে ধরেছে। দলটির এখনকার মূল লক্ষ্য হলো দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া।