সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আমি আবার কখনো নির্বাচন করতে পারব ভাবিনি: বাবর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৫, ০৫:৫৭ পিএম

আমি আবার কখনো নির্বাচন করতে পারব ভাবিনি: বাবর

দীর্ঘ সতেরো বছর কারাভোগের পর মুক্তি পেয়ে আবারও নিজ নির্বাচনী এলাকায় ফিরেছেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন—এমনটা তিনি কখনো ভাবেননি বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

শুক্রবার বিকেলে নেত্রকোণায় আগমন পথে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার চল্লিশা এলাকায় দলীয় নেতাকর্মীদের দেওয়া বরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি মহান আল্লাহ তাআলা, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ আসন (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) থেকে বিএনপির মনোনয়ন লাভ করেছেন এবং মনোনয়ন পাওয়ার পর এটিই তার নিজ এলাকায় প্রথম আগমন। প্রিয় নেতার আগমন উপলক্ষে দুপুর থেকেই নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা এলাকায় নেতাকর্মীরা অধীর আগ্রহ নিয়ে বিকেল পর্যন্ত অপেক্ষা করেন এবং নেত্রকোনার সীমান্তে তাকে উষ্ণ সংবর্ধনা জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন মনোনয়ন পাওয়ার পর আজকেই প্রথম তিনি তার নিজ এলাকায় ফিরছেন। তিনি নেত্রকোনাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন হাওর পাড়ের মানুষ তার জন্য অনেক দোয়া করেছেন রোজা রেখেছেন এবং নামাজ পড়েছেন। তিনি আরও বলেন জনগণের এই ঋণ তিনি কখনোই ভুলতে পারবেন না এবং তিনি তার পুরো জীবন তাদের সেবার জন্য যতটুকু পারেন করে যাবেন।

আগামীতেও হাওর পাড়ের মানুষ তাকে মন্ত্রী হিসেবে দেখতে চায়—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লুৎফুজ্জামান বাবর সরাসরি কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন। তিনি বলেন পূর্বে আল্লাহর ইচ্ছা এবং আমার নেত্রী ও নেতার কারণেই তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন এবং ভবিষ্যতেও কী হবে তা মহান আল্লাহ তাআলা আমার নেত্রী ও নেতাই নির্ধারণ করবেন। এই ব্যাপারে আমার কোন বক্তব্য নেই বলেও তিনি জানান।

এছাড়া দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচিত জুলাই সনদপত্র নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এ বিষয়ে দলের মহাসচিব ইতিপূর্বে বক্তব্য রেখেছেন এবং প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দল থেকে তাকে সাধুবাদ জানানো হয়েছে। তিনি নিজেও দলের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে প্রধান উপদেষ্টাকে সাধুবাদ জানান।