সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রাষ্ট্রীয় গুম-খুনের বিরুদ্ধে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে: খেলাফত মজলিস

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৫, ০৬:৪৪ পিএম

রাষ্ট্রীয় গুম-খুনের বিরুদ্ধে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে: খেলাফত মজলিস

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ে তাৎক্ষণিক সন্তুষ্টি প্রকাশ করেছে খেলাফত মজলিস। সংগঠনটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ মন্তব্য করেছেন,

এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিফলিত হয়েছে এবং রাষ্ট্রকে ব্যবহার করে জনগণের ওপর চালানো গুম-খুনের বিরুদ্ধে এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

শেখ হাসিনা ও তার সহযোগী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরা বিগত ষোলো বছরে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে মানবতাবিরোধী জঘন্য অপরাধ সংঘটিত করেছিল।

এই দীর্ঘ সময়ে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব ও মানবাধিকার চরমভাবে ভূলুণ্ঠিত করেছিল বলে তিনি অভিযোগ করেন। তিনি মনে করেন, হাজারো শহীদের রক্তের প্রতি ন্যায়বিচারের স্বার্থে শেখ হাসিনা ও তার দোসরদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কাম্য ছিল।খেলাফত মজলিসের এই শীর্ষ নেতা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ন্যায়বিচারের স্বার্থে দীর্ঘ সময় ধরে সাক্ষী ও যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে শেখ হাসিনা ও তার এক সহযোগীর অপরাধের প্রমাণ পেয়েছেন এবং আজ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন।

এই রায়ের মাধ্যমে যে ন্যায়বিচার প্রতিফলিত হয়েছে, তা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা। তিনি প্রত্যাশা করেন, ন্যায়বিচারের মাধ্যমে পর্যায়ক্রমে সকল অপরাধীর দণ্ড কার্যকর করা হবে। বিশেষ করে, পলাতক আসামি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকার দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি দাবি জানান। এই রায় দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে একটি মাইলফলক হিসেবে স্থান পাবে বলেও তিনি উল্লেখ করেন।