নভেম্বর ১৭, ২০২৫, ০৭:০১ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের সময় চালানো গণহত্যার দায়ে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ায় স্বস্তি প্রকাশ করে মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। রায় ঘোষণার পর সোমবার সন্ধ্যা ৬টার পর রাজধানীর বাংলামোটর এলাকায় দলটির নেতা কর্মীরা এই স্বস্তির মিছিল বের করে।
মিছিলে অংশ নেওয়া কর্মীরা রায়কে জনতার বিজয় হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।এর আগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানাতে সোমবার বিকালে বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আয়োজন করে দলটি।
সেখানেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডের রায় হওয়া শেখ হাসিনাকে এক মাসের মধ্যে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের কঠোর দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দল হিসেবে নয়, বরং জুলাই-আগস্টের ভিক্টিম হিসেবে বিচারের রায় ও তা কার্যকর দেখতে চাই।তিনি বলেন, অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে হবে। এজন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। নাহিদ ইসলাম আরও বলেন, আমরা শুনেছি যে, সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন। আমরা আশা করব এবং দাবি জানাব যে, তিনি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরবেন।
এছাড়া দলটির পক্ষ থেকে দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। নাহিদ ইসলাম বলেন, আজকের রায়ে ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে। তবে এই রায়ের মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে, শেখ হাসিনা শুধু ব্যক্তি হিসেবে নয়, বরং দল ও প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এই গণহত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী ছিলেন। ফলে আওয়ামী লীগও দল হিসেবে এই মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত। তাই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে বলে তিনি দাবি করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন