সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রায় পেয়ে সন্তুষ্ট নই, ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হলে শান্তি পাব: নাহিদ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৫, ০৭:০৪ পিএম

রায় পেয়ে সন্তুষ্ট নই, ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হলে শান্তি পাব: নাহিদ

জুলাই গণঅভ্যুত্থানের সময় চালানো গণহত্যার দায়ে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর স্বস্তি পেলেও তাতে সন্তুষ্ট নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন, "আমরা কেবল এই রায় পেয়েই সন্তুষ্ট নই।

আমরা সেদিনই সন্তুষ্ট হব, যেদিন এই রায় কার্যকর করা হবে। আমরা যেদিন আমাদের জীবদ্দশায় শুনতে পাব যে, শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়েছে, সেদিনই আমরা শান্তি পাব।" তিনি বিশ্বাস করেন, সেদিনই জুলাই বিপ্লবের শহীদদের আত্মা, শহীদ পরিবার এবং আহতরা শান্তি পাবেন।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় সোমবার বিকালে বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তীব্র প্রতিক্রিয়া জানান।

নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় দেশের বিচারিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে এবং এটি পৃথিবীর জন্য দৃষ্টান্ত। তবে তিনি দাবি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফের‍ত এনে এই রায় কার্যকর করতে হবে। তিনি শুধু শেখ হাসিনা নয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ও কার্যকর দেখতে চেয়েছেন।নাহিদ ইসলাম বলেন, শুধু ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে অপরাধী সাব্যস্ত করা হলেও এই রায়ের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে, শেখ হাসিনা দল ও প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এই গণহত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী ছিলেন।

ফলে আওয়ামী লীগও দল হিসেবে এই মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত। এজন্য তিনি দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করার দাবি জানান। তিনি আরও বলেন, বিগত ষোলো বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বে যে জুলুম-নির্যাতন, গুম-খুন ও মানবাধিকার হরণ করা হয়েছিল, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা ও জুলাইয়ের গণহত্যার বিচার এই রায়ের মধ্য দিয়ে শুরু হয়েছে। তিনি অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে এবং রায় কার্যকর করতে অন্তর্বর্তী সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

এক প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, রাজস্বাক্ষী হলেও সাবেক আইজিপির পাঁচ বছরের সাজায় তারা সন্তুষ্ট নন। তিনি মনে করেন, রাজস্বাক্ষী হলেও তার সাজা আরও বেশি হওয়া উচিত ছিল।