সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৫, ০৯:০৯ পিএম

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়েছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের নতুন রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। আজ বুধবার (১৯ নভেম্বর) জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে এই বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠকে যে বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা হয় তার মধ্যে ছিল— বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পারস্পরিক সম্পর্ক, এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।আলোচনায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) কোর স্টাউটেন এবং সিনিয়ির পলিটিক্যাল এডভাইজার লুবাইন মাসুম।

অন্যদিকে, জামায়াতের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ।

উভয় পক্ষই এই মতবিনিময় শেষে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, ভবিষ্যতে বাংলাদেশ ও নেদারল্যাণ্ডসের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের সঙ্গে আন্তর্জাতিক মহলের এই আলোচনা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।